পেকুয়ায় বাড়ির পাশের নালায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু


কক্সবাজারের পেকুয়ায় বসতঘরের পাশের পানি চলাচলের নালায় পড়ে মোহাম্মদ সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ সিয়াম ওই এলাকার অটোরিকশাচালক কাইছার উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, অটোরিকশাচালক কাইছার উদ্দিনের বাড়িসংলগ্ন পানি চলাচলের একটি নালা রয়েছে। রোববার বিকেলে শিশু মোহাম্মদ সিয়াম বসতঘরের সামনে খেলতে খেলতে সবার অজান্তে ওই নালায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর নালা থেকে শিশু মোহাম্মদ সিয়ামকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএইচএম বদিউল আলম নালায় পড়ে শিশু মোহাম্মদ সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত নয়টায় স্থানীয় জামে মসজিদের মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পাশের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।