রাউজানে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩ অপহরণকারী


চট্টগ্রামের রাউজানে সুমন রুদ্র পালক নামের এক অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুস ছাত্তার, মো. আরমান হোসেন ও মুনছুর আলম সুমন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া অপহৃত সুমন রুদ্র পালক রাউজান উপজেলারই বাসিন্দা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম যুবককে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাতে সুমন রুদ্র পালক বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক এলাকার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের সামনে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে তাঁর পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা সুমন রুদ্র পালককে ব্যাপক মারধর করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

এরপর অভিযুক্ত আবদুস ছাত্তার, মো. আরমান হোসেন ও মুনছুর আলম সুমন তাঁকে অপহরণ করে নিয়ে যায়। রাতে অভিযোগ পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সুমন রুদ্র পালককে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। অপহৃত সুমন রুদ্র পালককে দ্রুত উদ্ধার এবং অভিযুক্ত আবদুস ছাত্তার, মো. আরমান হোসেন ও মুনছুর আলম সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এই অভিযানে অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র দা ও ছেনি এবং ছিনতাই হওয়া দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।