হাটহাজারীতে তেল মজুত করে বিক্রি বন্ধ, পাম্পমালিককে জরিমানা


জ্বালানি তেলের সংকটের গুজবের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করতে মজুত রেখেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার দিবাগত রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অধিক মুনাফার আশায় বিভিন্ন পাম্পে বেশি দামে ডিজেল ও অকটেন বিক্রি এবং মজুত থাকার পরও গ্রাহকদের কাছে তা বিক্রি না করার সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন সরাসরি মাঠে নামেন।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন পাম্পের তেলের মজুত ও বিক্রয় পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এ সময় ‘আলাওল পেট্রোল পাম্পে’ জ্বালানি তেলের মজুত থাকার পরও তা বিক্রি বন্ধ রাখার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখানে আরও বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে ওই পাম্প কর্তৃপক্ষকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জনস্বার্থে সতর্ক করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আবদুল্লাহ আল মুমিন সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কিনে প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে তেল ক্রয় এবং তা সচেতনভাবে ব্যবহার করার জন্য অনুরোধ জানান।