
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. আইয়ুব আলী (৪৪)। তিনি উপজেলার মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
থানা পুলিশ আরও জানায়, মো. আইয়ুব আলীর বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ১২/৩৫। মূলত এই মামলার সূত্র ধরেই দীর্ঘ প্রচেষ্টার পর তাকে আইনের আওতায় আনা হয়েছে।
পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, মামলার পর থেকেই অভিযুক্ত মো. আইয়ুব আলী পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মো. আরমান হোসেন আরও জানান, মো. আইয়ুব আলীর বিরুদ্ধে একই ধরনের আরও একটি ঘটনার অভিযোগ রয়েছে, যা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
