চকরিয়ায় দোলনায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু


কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজেদের বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন নামের ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় প্রবাসী জিয়াউদ্দিনের বাড়িতে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকরিদা জন্নাত আইরিন ওই এলাকার প্রবাসী জিয়াউদ্দিনের মেয়ে। সে স্থানীয় গয়ালমারা ইবতেদায়ি দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার বিস্তারিত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কেএম নাছির উদ্দিন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আকরিদা জন্নাত আইরিন মাদরাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে সে ঘর লাগোয়া দক্ষিণ দিকের উঠানে থাকা দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে শিশুটি।

ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে থাকা ভাসুরের নয় বছর বয়সী মেয়ে মুক্তা জন্নাত ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ছুটে এসে আইরিনকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য তাকে হারবাংয়ের আজিজনগর এক নম্বর গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, আকরিদা জন্নাত আইরিন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। পড়ালেখায় মনোযোগী এই শিশুটি সবার সাথে হাসিমুখে কথা বলত। তার এমন আকস্মিক ও অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছেন না। হারবাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিউল আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

আইনি প্রক্রিয়ার বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জলসহ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তবে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।