কেউ চব্বিশের ঠিকাদার হওয়ার চেষ্টা করবেন না: এমপি নুরুল আমিন


চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনার পাশাপাশি এদিন ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের উদ্দেশে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আপনাদের অসামান্য ত্যাগের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বলে তিনি স্মরণ করেন।

সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, একাত্তর সৃষ্টি না হলে চব্বিশের জন্ম হতো না। কিন্তু অনেকেই এখন একাত্তরকে মুছে ফেলে চব্বিশের একক ঠিকাদার হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে মিথ্যাভাবে রচনা করার অপচেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকেও এ বিষয়ে সজাগ রাখার পরামর্শ দেন নুরুল আমিন।

নুরুল আমিন আরও বলেন, ১৯৭১ সালে দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করে মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গণতন্ত্রকামী বাংলার দামাল ছেলেরা এবং ছাত্র-জনতা সকলে মিলে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটিয়েছে। যারা প্রকৃত গণতন্ত্রের উত্তরাধিকারী, তারাই চব্বিশের এই নতুন ইতিহাস রচনা করেছেন। তাই কেউ নিজে নিজে চব্বিশের ঠিকাদারি নিতে চাইলে তা কখনো সম্ভব হবে না। ইতিহাস বিকৃত না করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যেসব দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন সংসদ সদস্য।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।