
চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি এবং পুরানগড় ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান মাহবুবুল আলম সিকদার আদালতে আত্মসমর্পণ করেছেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক লোকমান হাকিম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী মাহবুবুল আলম সিকদার সাতকানিয়া থানার ০৭(০৯)২৪ নম্বর মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি এবং ২১(১২)২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাতিম পাড়া নতুন হাট এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মৃত আহমদ মিয়া।
মঙ্গলবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তিনি। কিন্তু মামলার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আদালত সেই আবেদন নাকচ করে দেন।
আইনজীবী মোজাম্মেল হক নাঈম জানান, মঙ্গলবার মাহবুবুল আলম সিকদার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সুনির্দিষ্ট আদেশ দিয়েছেন।
