মিরসরাই মিনি স্টেডিয়াম দ্রুত প্রস্তুতের তাগিদ


চট্টগ্রামের মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোমাইয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।

সভায় মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন এবং সদস্য ও মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আরেক সদস্য ও ছাত্রনেতা তরিকুর রহমান বাবুও এই সভায় তাঁর মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় মিরসরাই মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত শেষ করে তা পুরোদমে খেলার উপযোগী করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

খেলার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর মাঝে প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্রিকেট ও ফুটবলে নতুন ক্ষুদে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।