
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে লোহাগাড়ার আধুনগরস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস।
মো. সাইফুল ইসলাম আরও বলেন, এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনে প্রতিফলিত করতে পারলে একটি সুন্দর ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম ও মানবতার চর্চা।
সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে রমজানের আদর্শকে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন মুহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আসাদউল্লাহ ইসলামাবাদী ও শূরা সদস্য শামীম আক্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম এবং এনসিপি লোহাগাড়া শাখার মুখ্য সমন্বয়ক মো. জহির উদ্দিন।
অধ্যাপক আসাদউল্লাহ ইসলামাবাদী, শামীম আক্তার, মাস্টার আব্দুস সালাম এবং মো. জহির উদ্দিন তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মানুষকে ধৈর্য, সহানুভূতি ও আল্লাহভীতি শিক্ষা দেয়।
তারা বলেন, এ মাসের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
মাস্টার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজকর্মী খোরশেদ আলম এবং আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদুল আলম ও আবুল কালাম।
পাশাপাশি অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রশিবির আধুনগর শাখার সভাপতি আবু হানিফ এবং ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনও নিজেদের বক্তব্য তুলে ধরেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ এরশাদ হোসাইন।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল অতিথিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সবাই একত্রে অংশগ্রহণ করেন।
