
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মুন্নি আক্তার নামের ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত একটি ভবনের ভাড়া বাসা থেকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী মুন্নি আক্তার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুরের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সাথেই ওই ভাড়া বাসায় থাকতেন মুন্নি আক্তার।
বুধবার রাতে নিজের শয়নকক্ষে ঢোকার দীর্ঘক্ষণ পরও তিনি বের হচ্ছিলেন না। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে কিশোরী মুন্নি আক্তারের নিথর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
পরবর্তীতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, মর্মান্তিক এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
