
চট্টগ্রামের পটিয়ায় ভেতর থেকে আটকানো একটি কক্ষ থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকার ‘থ্রি স্টার’ বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২২)।
জান্নাতুল ফেরদৌস সুমাইয়া পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়ার আলী তালুকদার বাড়ি এলাকার কদম আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার সাব্বির আহমেদ আরজুর সঙ্গে জান্নাতুল ফেরদৌস সুমাইয়ার বিয়ে হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, সাব্বির আহমেদ আরজুর সঙ্গে বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জান্নাতুল ফেরদৌস সুমাইয়ার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, যেখান থেকে জান্নাতুল ফেরদৌস সুমাইয়ার লাশটি উদ্ধার করা হয়েছে, সেই কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জিয়াউল হক নিশ্চিত করেছেন।
