
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার এই দপ্তর পুনর্বণ্টন করেছেন।
দপ্তর পুনর্বণ্টনের এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিএনপি সরকার গঠন করার পর এত দিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
আর আজকেই তাঁর শূন্য হওয়া পদে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আহমেদ আযম খান।
এ ছাড়া এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কায়সার কামাল আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
এখন হাফিজ উদ্দিন আহমদ এবং কায়সার কামালের জায়গায় যথাক্রমে আহমেদ আযম খান এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৪ জন।
এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টাও রয়েছেন।
