
ফেইসবুক পোস্ট দিয়ে এবং কমেন্ট ও রিঅ্যাক্টের মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদলের এক কর্মী।
মামলার বাদী মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী মাস দুয়েক আগে সরকারদলীয় এ ছাত্র সংগঠনে যোগ দিয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম ইউনিটের সাবেক সমন্বয়ক এবং সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল কাজী মিজানুর রহমানের আদালতে মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী এই মামলাটি দায়ের করেন।
মামলার বিবাদী সাংবাদিকরা হলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, সিইউজের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার এবং সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার।
এ বিষয়ে বাদীর আইনজীবী আরিফ উর রহমান চৌধুরী জানান, আদালত অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনকারী রিদুয়ান সিদ্দিকীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে। গত জানুয়ারিতে তিনি ফটিকছড়ি উপজেলা ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
