মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির শিশু সন্তানের মৃত্যু


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফী নামের আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মো. রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুটির মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত রয়েছেন।

অন্যদিকে শিশু মো. রাফীর পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছেন বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি ট্রাক (চট্ট মেট্টো-ন – ১২-০৫৫৮)।

এমন সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক শিশু মো. রাফীর সাথে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতে সে গুরুতর আহত হয়।

পরে আহত মো. রাফীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

ওসি মাসুদ পারভেজ আরও নিশ্চিত করেন যে, শিশু মৃত্যুর এই মর্মান্তিক ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।