
চট্টগ্রামের পটিয়ায় ৫ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর পটিয়ার সাইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলুয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচ সিন্ডিকেটের চেয়ারম্যান ও শিল্পপতি আহমেদুল হক, তামজিদুল ইসলাম, আবুল হাশেম মেম্বার এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত।
এছাড়াও এই মহতী উদ্যোগে সাইফুল ইসলাম, মোহাম্মদ রানা এবং দস্তগীর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে নিজের বক্তব্যে শিল্পপতি খলিলুর রহমান বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতেও ভীষণ কষ্ট করেন, তাদের কথা চিন্তা করেই এই চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে খলিলুর রহমান উল্লেখ করেন।
খলিলুর রহমান আরও বলেন, তারা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যতেও সবাই মিলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে খলিলুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন।
উল্লেখ্য, পটিয়া উপজেলার জিরি, কুসুমপুরা ও কাশিয়াইশ ইউনিয়নের কয়েকটি গ্রামের মোট ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
