সরকারি নির্দেশনা অমান্য: রাঙ্গুনিয়ায় দুই তেল বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

অভিযানের বিষয়ে দেবব্রত দাশ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্টার সংরক্ষণ না রাখায় রানীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া টানা ২৪ ঘণ্টা তেল সরবরাহ না থাকায় পেট্রোল পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে দেবব্রত দাশ উল্লেখ করেন।

অন্যদিকে বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়া যমুনা অয়েল থেকে সরাসরি ক্রয় ব্যতীত তেল বিক্রির অভিযোগে অপর একটি বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে দেবব্রত দাশকে এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন।