
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক সেলুন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ বাজার এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম অয়ন দাশ (৩৫)। তিনি রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। অয়ন পেশায় একজন সেলুন কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে বিষয়টি জানান। এরপর তিনি হাটহাজারী মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা স্থানীয়দের সহায়তায় তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়নের অর্ধগলিত লাশ দেখতে পান।
ঘটনাস্থলে উপস্থিত পরিদর্শক মোস্তাক আহমেদ চৌধুরী জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার গভীর রাতে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবনের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ।
