পটিয়ায় পৃথক অভিযানে মাদক ও চুরির মামলায় তিন আসামি গ্রেপ্তার


চট্টগ্রামের পটিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও একটি চুরি মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকা থেকে মাদকের মামলায় পলাতক দুই আসামি মো. জাবেদ হোসেন ও মোছা. কামরুন নাহারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক এক অভিযানে কুসুমপুরা থেকে চুরির মামলার আরেক আসামি শহিদুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন আসামি মো. জাবেদ হোসেন, মোছা. কামরুন নাহার এবং শহিদুল ইসলাম রাসেলকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের মামলায় দুই পলাতক আসামি মো. জাবেদ হোসেন ও মোছা. কামরুন নাহারকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি দুই হাজার লিটার মদসহ একই মামলায় এর আগে আরও তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলে তাদের মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার ভোরে দক্ষিণ হরিণখাইন গ্রাম থেকে মো. জাবেদ হোসেন এবং মোছা. কামরুন নাহারকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পৃথক এক অভিযানে চলন্ত কাভার্ড ভ্যান থেকে ওষুধ চুরির ঘটনায় জড়িত আসামি শহিদুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ মার্চ ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১১ লাখ ৮৮ হাজার টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালান।

এই অভিযানে এসআই মো. ইমরুল হোসেন পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেন।

সার্বিক বিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎ যশ চাকমা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।