চট্টগ্রাম বন্দর ও বিএসসিতে দুর্নীতি: অনুসন্ধানে দুদকের ৪ সদস্যের টিম


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতোমধ্যে এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং মোংলা বন্দর সংশ্লিষ্ট একাধিক প্রকল্প, চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর কাঠামোগত অনিয়ম, সিদ্ধান্ত গ্রহণে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আরও জানান, এসব অভিযোগের মধ্যে জাহাজ ক্রয় সংক্রান্ত ২ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাজ ক্রয়ের মেগা প্রকল্পেও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, যা বর্তমানে দুদকের এই অনুসন্ধান টিম গভীরভাবে খতিয়ে দেখছে।