
চট্টগ্রামের মিরসরাইয়ে পৌরবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে মিরসরাই পৌরসভার মহাসড়কের পাশসহ বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা, ফুট ওভারব্রিজের আশপাশে লাগানো অপ্রয়োজনীয় ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
এ সময় সড়ক ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাইকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে তারা কাজ করছেন।
বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার রাখা সবার দায়িত্ব বলে মো. আশরাফ উদ্দিন উল্লেখ করেন।
অন্যদিকে পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন জানান, শুধু পরিষ্কার করলেই হবে না, সবাইকে সচেতন হতে হবে।
যত্রতত্র ময়লা ফেলা ও অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে হবে এবং তাহলেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন মিরসরাই গড়ে তোলা সম্ভব বলে জাহিদ হুসাইন মনে করেন।
এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইনজামামুল হক ইমন এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান।
