
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. ইউনুস নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার বিকেলে উত্তর পাইন্দং টিলা পাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে পরিবেশের ক্ষতি করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এই অভিযানে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনাস্থলে মাটি কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. ইউনুসকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিবেশ ধ্বংসকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
