দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার কাঠ জব্দ


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সুপারি বাগান এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে পাচারকারীরা পালিয়ে গেলেও ট্রাকে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪৯৮ ঘনফুট গোল কাঠ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এই অভিযানটি পরিচালিত হয়। জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমির নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সুপারি বাগান এলাকায় ওই ট্রাকে তল্লাশি চালায়। অভিযান চলাকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় তল্লাশি অভিযানের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ট্রাক ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ওই ট্রাকে তল্লাশি চালিয়ে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪৯৮.০১ ঘনফুট গোল কাঠ জব্দ করেন সেনাসদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন জানান, বিভিন্ন প্রজাতির জব্দ করা এসব কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

পরবর্তীতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিয়ম অনুযায়ী জব্দকৃত এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার রোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।