
চট্টগ্রামের পটিয়া উপজেলায় হতদরিদ্রদের কষ্ট লাঘব ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় ২৫ হাজার পরিবারের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ করেছে রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পটিয়ার খলিল-মীর ডিগ্রি কলেজ মাঠে এই নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শিল্পপতি খলিলুর রহমান।
পটিয়া উপজেলার জিরি সাইদাইর, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ৩০টি গ্রামের ২৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে রমজান মাসের শুরুতে এসব এলাকায় ইফতার সামগ্রী এবং মাঝামাঝি সময়ে চালও বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি।

যাকাতের নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, শিল্পপতি আহমেদুল হক, বাংলাদেশ মেম্বার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি আবুল হাশেম চৌধুরী, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর এবং ব্যাংকার মো. ফোরকান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি খলিলুর রহমান বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা আমাদের সম্পদের পবিত্রতা নিশ্চিত করে এবং সমাজে ধনী-গরিবের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, যাকাত শুধু দান নয়, এটি প্রতিটি বিত্তবানের দায়িত্ব।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন, তার একটি নির্দিষ্ট অংশ অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে বণ্টন করা আমাদের ওপর ফরজ। এর মাধ্যমে শুধু তাদের কষ্ট লাঘব করা হয় না, বরং সমাজে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়। দেশের বিত্তশালীদের উচিত হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে যাকাতের অর্থ প্রদান করা। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজ দারিদ্র্যমুক্ত, মানবিক ও কল্যাণমুখী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
