চট্টগ্রামে ৩২৭০ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার হস্তান্তর করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এবারের ঈদে চসিকের মোট ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার পাচ্ছেন। এর আগে গত রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ উপহারের অর্থের চেক সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি। তাঁরা দিনরাত পরিশ্রম করে এবং রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া এই ঈদ উপহার একটি মানবিক উদ্যোগ, যা কর্মীদের মনোবল আরও বাড়াবে বলে ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন।

চট্টগ্রামকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা চসিকের মূল লক্ষ্য জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এই লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা একটি অত্যন্ত সংবেদনশীল কাজ, যার ওপর পুরো নগরের ভাবমূর্তি নির্ভর করে। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই শহর সবার; তাই সবাই যদি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফের সঞ্চালনায় এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।