
ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রামের পটিয়ায় গণপরিবহনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নিয়ম লঙ্ঘনের দায়ে হানিফ ও ঈগল পরিবহনসহ তিনটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার নেতৃত্বে মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে অভিযানটি পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন যাত্রীবাহী গণপরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়।
মহাসড়কে চলাচলকারী যাত্রীদের হয়রানি রোধে বাসের যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না এবং গাড়ির ভেতরে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হয়।
এসব নিয়ম লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হানিফ ও ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, ঈদে ঘরমুখো সাধারণ মানুষের যাত্রা যেন হয়রানিমুক্ত ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রয়া ত্রিপুরা নিশ্চিত করেন।
