মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত


চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকার আম্বারাবার দোকানে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির।

এ সময় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোরুল্লা আল মামুন, বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন জামায়াতের আমির মো. শাহাবুদ্দিন এবং ইউনিয়ন সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত শনিবার (১৩ মার্চ) মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই এলাকার একটি মুদি দোকান, তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া এই দোকান ও গাড়িগুলোর মালিক হলেন ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজিচালক পলাশ এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাঁদের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।

অগ্নিকাণ্ডে আকস্মিক ক্ষতির শিকার হয়ে অসহায় হয়ে পড়া এই পরিবারগুলোর পাশে দাঁড়াতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।