লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর


চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদারচর নাথ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার হরিপদ নাথের দুই ছেলে প্রদীপ নাথ ও দিলীপ নাথ।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন তাঁদের টিনশেড বসতঘরে চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেন।

তবে ততক্ষণে বসতঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তাঁদের প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত প্রদীপ নাথ ও দিলীপ নাথ দাবি করেছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে কলাউজান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন বলে জানিয়েছেন।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।