
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন মানুষ। পোশাক কেনা শেষে এখন মিরসরাইয়ের টুপি, জায়নামাজ ও আতরের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে এসব সামগ্রী।
উপজেলার বিভিন্ন বাজারের দোকানগুলোতে এখন সুগন্ধি ও টুপির খোঁজে ব্যস্ত অনেকে। ঈদে নতুন পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি এবং পছন্দের সুবাস গায়ে মাখাতে আতর-টুপির দোকানে ভিড় করছেন তাঁরা। ঘ্রাণ শুঁকে শুঁকে ক্রেতারা তাঁদের পছন্দের আতর বেছে নিচ্ছেন।
ছোট ছোট দোকানে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে বাহারি সব টুপি। বারইয়ারহাট বাজারে ১০ বছরের ছেলে মারুফকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন পাতাকোট এলাকার বাসিন্দা গোলাম মাওলা। তিনি জানান, ঘরের সবার জন্য জামাকাপড়সহ অন্যান্য সব কেনাকাটা শেষ, তবে ঈদের জন্য নতুন করে টুপি এবং আতর কেনা বাকি ছিল। মূলত সেগুলো কিনতেই আজ ছেলে মারুফকে নিয়ে বের হয়েছেন এবং পছন্দ হলে কিনে নেবেন বলে জানান গোলাম মাওলা।
বাজারে রঙবেরঙের টুপিতেই নজর সব ক্রেতার। বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন রঙের টুপির চাহিদা বেশি। অন্যদিকে বড়রা সাদা ও হালকা রঙের টুপিই বেশি পছন্দ করছেন। তাই বিক্রেতাদের ঘিরে বিভিন্ন ধরনের নকশার টুপি খুঁজতে ভিড় করছেন সব বয়সী ক্রেতা। আকর্ষণীয় নকশা আর নানা কারুকার্যে সুসজ্জিত টুপির প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি দেখা যাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, এবার বিদেশি টুপির চেয়ে দেশি টুপিই বেশি কিনছেন সাধারণ মানুষ।
মিরসরাই সদরের নুর মাইক সার্ভিসের টুপি বিক্রেতা অলিউল্লাহ মামুন তাঁর বিক্রির সার্বিক অবস্থা তুলে ধরেন। অলিউল্লাহ মামুন জানান, এবারের ঈদে তিনি বিক্রির জন্য প্রায় তিন লাখ টাকার টুপি ও আতর কিনেছেন। বর্তমানে তাঁর বিক্রি বেশ ভালো হচ্ছে এবং ঈদের আগের দিন ও রাতে আরও বেশি বিক্রি করতে পারবেন বলে অলিউল্লাহ মামুন আশা প্রকাশ করেন।
বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন রঙের চায়না টুপি প্রতিটি ৬০ থেকে ১২০ টাকা, আল ফারুক টুপি ৮০ টাকা, ওমানি টুপি ১৬০ থেকে ২৮০ টাকা, পাকিস্তানি চুমকি টুপি ২৮০ টাকা, সুলতানি টুপি ৩৭০ টাকা এবং ঢাকার নায়েম ক্যাপ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কম দামি টুপির মধ্যে কাপড়ের লম্বা টুপি মানভেদে ৩০ থেকে ৪০ টাকা, হাতে বোনা জালি টুপি ৬০ থেকে ১৫০ টাকা, ভারতের নেটের টুপি ১৫ থেকে ২৫ টাকা ও প্লাস্টিকের টুপি ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ছোট বাচ্চাদের চুমকি ও মখমল কাপড়ের টুপি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
