
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি দখলমুক্ত করে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী থানাধীন নন্দীরহাট এলাকার ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র ওই এলাকার সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমেই ওই খাস খতিয়ানভুক্ত জমিটি চিহ্নিত করে এর সীমানা নির্ধারণ করা হয়। এরপর ওই জমিতে অবৈধভাবে নির্মাণাধীন সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা অবশিষ্ট নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা-পুলিশের একটি বিশেষ দল এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানের সার্বিক বিষয়ে জানতে চাইলে এতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, অবৈধ দখলদারদের হাত থেকে পুনরুদ্ধার হওয়া ওই সরকারি সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মো. শাহেদ আরমান নিশ্চিত করেন।
