সাতকানিয়ায় ঈগল পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আনিল রুদ্র নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজিব রুদ্র নামের আরও একজন।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মডেল মসজিদের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪৫ বছর বয়সী নিহত আনিল রুদ্র বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা এবং তিনি দেবন্দ্র রুদ্রের ছেলে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত ৩০ বছর বয়সী সজিব রুদ্র ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি নাপেল রুদ্রের ছেলে। গুরুতর আহত অবস্থায় সজিব রুদ্রকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজ সন্ধ্যায় আনিল রুদ্র মোটরসাইকেলে করে তাঁর শ্বশুরবাড়িতে একটি পূজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বেপরোয়া বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিল রুদ্রের মর্মান্তিক মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা সজিব রুদ্র গুরুতর আহত হন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ ইতোমধ্যে আটক করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।