
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় ও দুস্থদের জন্য বসানো হয়েছে ‘দুই টাকার ঈদ বাজার’। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ছাত্রদলের উদ্যোগে মাত্র দুই টাকায় নতুন পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারগুলো।
আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাছরা বাজারে মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভ্রাম্যমাণ এই ঈদ বাজারের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, দুই টাকার এই ঈদ বাজারে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস ও ছোটদের বিভিন্ন পোশাক সামগ্রী রাখা হয়েছিল। এলাকার প্রায় ১৫০টি পরিবার এই সুবিধা পেয়েছে।
মাত্র দুই টাকায় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলমগীর হোসেন। আলমগীর হোসেন জানান, তাঁর মতো নিম্ন আয়ের মানুষদের বর্তমান বাজারদরে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে ঈদের সময় নতুন পোশাক কেনার সামর্থ্য তাঁদের নেই। তাই দুই টাকায় মেয়ের জন্য একটি থ্রি-পিস নিতে পেরে তাঁর খুব ভালো লেগেছে বলে আলমগীর হোসেন উল্লেখ করেন।
একই অনুভূতির কথা জানান আসিয়া খাতুন। আসিয়া খাতুন জানান, ঈদ সামনে রেখে পরিবারের জন্য নতুন কাপড় কেনা নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় ছিলেন এবং সীমিত আয়ের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে মাত্র দুই টাকায় প্রয়োজনীয় ঈদসামগ্রী পেয়ে তিনি সত্যিই স্বস্তি পেয়েছেন। এই উদ্যোগ তাঁদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা বলে আসিয়া খাতুন জানান এবং আয়োজকদের জন্য মন থেকে দোয়া করেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার এই আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। নাঈম সরকার জানান, ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁরা দুই টাকায় ঈদের বিভিন্ন পোশাক বিক্রি করেছেন। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন।
সামান্য প্রচেষ্টার মাধ্যমে হলেও তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নাঈম সরকার জানান।
এ সময় উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক ও শাকিলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
