ফটোসেশন ছাড়াই ঘরে ঘরে শেকড়ের ঈদ উপহার, চিরকুটে ভালোবাসার বার্তা


কোনো ধরনের ফটোসেশন নেই, নেই গ্রহীতার বিন্দুমাত্র সম্মানহানি। তালিকা তৈরি করে ব্যাগভর্তি ঈদ উপহার অত্যন্ত গোপনীয়তা ও সম্মানের সঙ্গে গরিব ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের সামাজিক সংগঠন ‘শেকড়’। ব্যাগের ভেতরে দেওয়া হচ্ছে একটি আবেগঘন চিরকুট, যেখানে লেখা—‘প্রিয়জন, আপনার প্রয়োজনের তুলনায় এটি সামান্য। আমরা চেয়েছি আপনার সাথে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের জন্য দোয়া করবেন।’

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার সামাজিক সংগঠন শেকড়ের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদে গ্রামের ২০টি পরিবারকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ৩০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সংগঠনের সদস্যরা গ্রামের অসহায় ও গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে এই ঈদ উপহার পৌঁছে দেন।

এর আগে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল মুনসি। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকড়ের আহ্বায়ক সোহরাব হোসেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম হৃদয়।

এ ছাড়া এই মহতী আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম নিজামী, মো. মাইনুল ইসলাম ও আব্দুর রহিম বাবু।

সংগঠনের এই উদ্যোগের বিষয়ে উপদেষ্টা মোহাম্মদ কামরুল মুনসি জানান, ঈদ সব সময় সাম্য ও সমতার বার্তা বহন করে। তাই নিজেদের সামর্থ্যের মধ্যে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছেন বলে মোহাম্মদ কামরুল মুনসি উল্লেখ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে করার পরিকল্পনা তাঁদের রয়েছে।