
সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন বিশ্বের মুসলমানরা তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন। মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করেই এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। ২৯ রমজান শেষে নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে এই উৎসব পালিত হয়।
অন্যদিকে, গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে থাকে। এই হিসাবের ভিত্তিতেই দেশ দুটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ আগে থেকেই ঘোষণা করেছে। সে অনুযায়ী তুরস্ক আগামী শুক্রবার এবং সিঙ্গাপুর শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই দেশে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
