সবাইকে নিয়ে সুন্দর ফটিকছড়ি গড়তে চাই: সরোয়ার আলমগীর


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি—সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে চান। ফটিকছড়ির সার্বিক উন্নয়নে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই তাঁদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিবিরহাটে অবস্থিত ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননাস্বরূপ ঈদ উপহার তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক এতিম ও অসচ্ছল ব্যক্তির মাঝেও আনন্দঘন পরিবেশে ঈদ উপহার বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি।

এ ছাড়া এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল এবং নেজাম উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনেও এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান বক্তারা।