
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার মোয়াজ্জেম হোসেন জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সাবেক এই উপাচার্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর তাঁর নিজ এলাকা সাতকানিয়ার ইছামতিকুলে উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
২০১১ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। তিনি ২০১১ সালের ১৫ জুন থেকে ২০১৫ সালের ১৪ জুন পর্যন্ত টানা চার বছর সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এবং ২০০১ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান ছিলেন এবং ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন।
বরেণ্য এই শিক্ষাবিদ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্রসন্তানের জনক ছিলেন এবং তাঁর স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।
