
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় (কক্সবাজার-০১) আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা থেকে আকাশপথে তিনি কক্সবাজার এসে পৌঁছাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরসূচি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথমে সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর রাত ৯টার দিকে পেকুয়া উপজেলায় পৌঁছে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ মার্চ) সকালে সালাহউদ্দিন আহমদ পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। একই দিন দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সফরের শেষ দিন রোববার (২২ মার্চ) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর হয়ে পুনরায় ঢাকায় ফিরবেন বলে সহকারী একান্ত সচিব কামরুল হাসান নিশ্চিত করেছেন।
