মহেশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক


কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ১২ লাখ টাকা মূল্যের ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ওই বোট থেকে এক জেলেকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহেশখালীর জ্যাম ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের কক্সবাজার ও মহেশখালী স্টেশন যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে।

এই অভিযানে প্রথমে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে মোট ছয়টি ট্রলিং জাল জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা এসব ট্রলিং জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

জব্দ করা অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল এবং আটক ওই জেলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। দেশের অমূল্য মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানিয়েছেন।