
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’-এর দেড় দশক পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার উপজেলার আরশীনগর ফিউচার পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আবদুল আউয়াল চৌধুরী। সংগঠনের সভাপতি শাহেদ নূরের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ও সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদের যৌথ সঞ্চালনায় এই আয়োজন পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। মিরসরাইয়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘প্রজন্ম মিরসরাই’-এর গত ১৫ বছরের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তরুণদের এই ইতিবাচক অগ্রযাত্রায় অতীতে যেমন ছিলাম, আগামীতেও সবসময় পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার কামরুল আলম, পৃষ্ঠপোষক তৌহিদ উদ-দ্দৌজা, মদিনা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আইয়ুব খান, ব্রাইট বিডি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, বিডি এক্সপার্ট-এর প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম শিমুল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক নির্বাহী পরিচালক মো. ইউনুচ নূরী, সরওয়ার নিজামী, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, পরিচালক আবদুর রহিম, জোবায়ের আলম ইমন, গোলাম রব্বানী, প্রকৌশলী ওমর ফারুক এবং জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘প্রলয়’-এর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
