
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক মাদকসেবীকে ধরতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন রুপন কান্তি দে নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাথে থাকা অপর পুলিশ কর্মকর্তা এবং আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বরইতলী রাস্তার মাথার মা-শিশু হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এএসআই রুপন কান্তি দে চকরিয়া উপজেলার হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ও এএসআই রুপন কান্তি দে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং স্টেশন এলাকায় জুনাইদ উদ্দিন নামের এক মাদকসেবীকে ধরতে যান। সেখানে পৌঁছে প্রথমে তাঁরা একটি দোকানে বসে চা পান করেন।
কিছুক্ষণ অপেক্ষার পর মাদকসেবী জুনাইদ সামনে পড়লে এসআই মোফাজ্জল তাঁকে ধরে ফেলেন। পরে এএসআই রুপন কান্তি দে জুনাইদকে আটকে রাখেন। এ সময় হঠাৎ করেই দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে লুটিয়ে পড়েন এএসআই রুপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই রুপন দে লুটিয়ে পড়ার পরপরই সাথে থাকা এসআই মোফাজ্জল হোসেন ও মাদকসেবী জুনাইদ স্থানীয়দের সহায়তায় তাঁকে একটি টমটমে করে নিকটস্থ মা-শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডা. জায়নুল আবেদিন জানান, হাসপাতালে আনার আগেই পুলিশের ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে। সহকর্মী পুলিশ সদস্যরা জানিয়েছেন, এর আগেও দুবার স্ট্রোক করেছিলেন এএসআই রুপন কান্তি দে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জরুরি বিভাগের চিকিৎসকের দেওয়া তথ্যমতে এএসআই রুপন কান্তি দে স্ট্রোক করে মারা গেছেন। এদিকে, সহকর্মী রুপনের মৃত্যুর খবর শুনে এসআই মোফাজ্জল হোসেন অজ্ঞান হয়ে পড়েন। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সোমবার রাত ১১টায় কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ‘কক্সবাজার ডিস্ট্রিক্ট পুলিশ’ নামের দাপ্তরিক ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, ২৩ মার্চ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য এএসআই (নিঃ) রূপন কান্তি দে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার।
