চকরিয়ায় মসজিদের পুকুর থেকে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার


কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মসজিদের পুকুরের পানিতে এক নারীকে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর বিকেলে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে নেমে তিনি আর তীরে উঠতে পারেননি। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহেনা বেগমের মরদেহ তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।