লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

গুরুতর আহত ওই ছাত্রীর নাম জান্নাতুল বাকিয়া। ২৪ বছর বয়সী জান্নাতুল কক্সবাজারের ঈদগাঁও থানার তেলিপাড়া এলাকার মোস্তাক আহমদের মেয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল বাকিয়া পূরবী পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া নোয়াপাড়া এলাকায় পৌঁছালে প্রাকৃতিক ডাক সারতে বাস থেকে নামেন তিনি। পরে সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান।

লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সিরাজ উদ্দিন জানান, দুর্ঘটনায় ওই ছাত্রীর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, আহত জান্নাতুলের স্বামী ইফতেখার মারুফ জানান, তার স্ত্রী বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।