
‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’ স্লোগান সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) চিকিৎসক জায়নুল আবেদিন।
সভায় উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে চিকিৎসক জায়নুল আবেদিন বলেন, যক্ষ্মা রোগের চিকিৎসার ক্ষেত্রে রোগীকে সচেতন হওয়ার পাশাপাশি তাঁর স্বজনদেরও যত্নশীল হতে হবে। রোগীর চলাফেরা ও থাকার জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এই রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। যক্ষ্মা রোগ প্রতিরোধ ও নির্মূলে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সমাজ থেকে যক্ষ্মা নির্মূল করতে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা যক্ষ্মা রোগের সম্ভাব্য লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সবাইকে এই রোগের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। আয়োজনে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং যক্ষ্মা রোগীদের নিয়ে কাজ করা সেবা প্রতিষ্ঠানের অংশীজনরা উপস্থিত ছিলেন।
