
ঈদুল ফিতরের টানা ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই কক্সবাজারের চকরিয়া পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মনোয়ারা বেগম। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নাগরিক সেবায় হয়রানি বন্ধ এবং উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন।
সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এরপর পৌরসভার সম্মেলনকক্ষে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও ইউএনও শাহীন দেলোয়ার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মনোয়ারা বেগম বলেন, পৌরসভা থেকে নাগরিক সেবা পেতে কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উন্নয়নকাজের বিষয়ে সতর্ক করে মনোয়ারা বেগম আরও বলেন, পৌরসভার সব ধরনের উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি সহ্য করা হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
