
চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদের ইজারা দেওয়া জায়গায় জোরপূর্বক অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার ফটিকা এলাকায় হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের পাশে এই নির্মাণকাজ চলতে দেখা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদের অধীনস্থ ফটিকা মৌজার আরএস ৩১০০ এবং বিএস ৫ নম্বর খতিয়ানভুক্ত সরকারি জায়গাটি কয়েক বছর আগে নিয়ম মেনে মঈন উদ্দিন নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। এর পর থেকে মঈন উদ্দিন ওই জায়গাটি ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী চক্র জায়গাটির একাংশ নিজেদের দাবি করে ঈদের ছুটির সুযোগে তা দখলে নেয়। সেখানে একটি বড় পলি সাইনবোর্ড টানিয়ে আড়ালে দ্রুতগতিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে তারা।
স্থানীয়রা জানান, শুধু এই জায়গাই নয়, গত ৫ আগস্টের পর থেকে ওই এলাকার সুবেদার পুকুরপাড় থেকে ইছাপুর পর্যন্ত হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে সরকারি কোটি কোটি টাকার সম্পদ যে যার মতো ভরাট করছে প্রভাবশালীরা। এরপর সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করে দখল করা হচ্ছে। সরকারি এসব সম্পত্তি রক্ষায় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগী ইজারাদার মঈন উদ্দিন অভিযোগ করে বলেন, “আমি নিয়ম অনুযায়ী জেলা পরিষদ থেকে জায়গাটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। হঠাৎ করে একটি চক্র জায়গাটির কিছু অংশ দখলে নিয়ে সেখানে সুকৌশলে অবৈধ পাকা স্থাপনা তৈরি শুরু করেছে।”
মঈন উদ্দিন আরও জানান, তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে ইতোমধ্যে জানিয়েছেন এবং এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও জমা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
