
চট্টগ্রামের হাটহাজারীতে একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলার ফটিকা মৌজায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।
জানা গেছে, ফটিকা মৌজার ভাঞ্জইন ব্রিজের পশ্চিম পাশে মহাসড়কের উত্তর দিকের সরকারি জমি দখল করে একটি চক্র কিছুদিন ধরে স্থাপনা নির্মাণ করছিল।
বুধবার দুপুরে একুশে পত্রিকায় ‘হাটহাজারীতে জেলা পরিষদের ইজারা দেওয়া জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। তাঁর নেতৃত্বে সরকারি সম্পদে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা ও মডেল থানা পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, উদ্ধার হওয়া সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সরকারি সম্পদ দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ১৮ মার্চ হাটহাজারীর নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় চার কোটি টাকার সরকারি সম্পদ একইভাবে উদ্ধার করেছিল উপজেলা প্রশাসন।
