পটিয়ায় আগুনে পুড়ে রাজমিস্ত্রির বসতঘর ছাই, খোলা আকাশের নিচে পরিবার


চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে এক রাজমিস্ত্রির বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সবকিছু হারিয়ে মোহাম্মদ সেলিমের পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় মোহাম্মদ সেলিমের পরিবারের কোনো সদস্য ঘরের ভেতরে ছিলেন না। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো ঘর ও ভেতরে থাকা স্বর্ণালংকারসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হেলাল জানান, রাজমিস্ত্রির দিনমজুরির কাজ করে কোনোমতে সংসার চালান মোহাম্মদ সেলিম। আগুনে পুড়ে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। চরম অসহায় হয়ে পড়া এই পরিবারের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।