
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় চলন্ত অবস্থায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনের যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৭টার দিকে ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত ‘চ’ বগির সামনের পাওয়ার কারে হঠাৎ আগুন ধরে যায়।
পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও জানান, ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে যাওয়ার সময় আগুন দেখতে পান। তিনি অন্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ট্রেন থামানোর সংকেত দেওয়া হয়। ট্রেন থামার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে পড়েন। এ সময় স্থানীয় বাসিন্দা বজলুর রহমানসহ এলাকার মানুষ যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাব-অফিসার আহসান হাবিব জানান, তাঁরা সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যান। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আহসান হাবিব।
উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে এ রকম নতুন দুটি বগি নিয়ে ফৌজদারহাট স্টেশনে ট্রেনটির সঙ্গে যুক্ত করার পর সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অগ্নিকাণ্ডের কারণে বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লেন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
