
চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, মানুষের যেকোনো দুর্যোগে পাশে দাঁড়ানোর নামই প্রকৃত রাজনীতি। বুধবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইন পাড়া এলাকায় এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
নিঃস্বার্থভাবে মানবসেবায় নিয়োজিতদেরই জনগণ শেষ পর্যন্ত মূল্যায়ন করে উল্লেখ করে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার লড়াই নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মাধ্যম। আজ যারা বিপদে আছেন, তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, একটি আগুনে মুহূর্তের মধ্যে মানুষের বহু বছরের সঞ্চয় শেষ হয়ে যায়। এই কষ্ট লাঘবে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দলের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকলেও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে জানিয়ে মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহায়তা প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, ছদাহা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নেজাম উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমান এবং আল-আমিন জনকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এমন সময়ে নগদ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
