
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জুতা, কসমেটিকস, কাপড়, সেলুন, ফার্মেসি ও স্বর্ণের দোকান রয়েছে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা কোনো মালামাল রক্ষা করতে পারেননি। চোখের সামনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বোয়ালখালী বাজারের এসব ব্যবসায়ী।
রাতে আগুন লাগার খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল ইউনিট, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন।
বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বাজারের ৩৭টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, এই ঘটনায় সব মিলিয়ে আনুমানিক ৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুকুল কুমার নাথ আরও জানান, বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো অনুসন্ধান করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
