মিরসরাইয়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু


চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার এবং বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে শুক্রবার বারইয়ারহাট পৌরসভা এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশগ্রহণ করতে পারে, সেজন্য পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে বলে সংসদ সদস্য নুরুল আমিন নিশ্চিত করেন।